তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৮:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ও শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপের তথ্য দিতে নির্দেশনা

তরুণ কণ্ঠ গ্রাফিক্স

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার জন্য গৃহীত পদক্ষেপের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে।

রোববার (১৫ মার্চ) মাউশির এক চিঠিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে এসব তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে (director.mew@gmail.com) পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে।

এছাড়া ইভটিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডের’ নামে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বন্ধ, এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করার জন্য সচেতনতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত তথ্যও রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ছকের মাধ্যমে একত্রিতভাবে পাঠাবেন।

প্রতিবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে—অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), না পারার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।

মন্তব্য করুন