প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:৫০ পিএম

অনলাইন সংস্করণ

সিরিজ নির্ধারণী ম্যাচে তামিমের শতক, চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির পর, তানজিদ হাসান তামিমের সিজদা। ছবি: সংগৃহীত

মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম-এর দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছে স্বাগতিকরা।

রোববার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায়। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে বাংলাদেশি ওপেনাররা। কোনো উইকেট না হারিয়েই দলীয় রান দ্রুত একশতে পেরোয়।

প্রথম ধাক্কাটি আসে দলীয় ১০৫ রানে। পেসার শাহিন শাহ আফ্রিদি-র বলে বোল্ড হয়ে ৩৬ রান করে ফিরতে হয় সাইফ হাসান-কে। তবে অন্যপ্রান্তে আত্মবিস্বাসের সাথে ব্যাট চালিয়ে যেতে থাকেন তানজিদ তামিম।

দ্বিতীয় উইকেটে তার সঙ্গে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত।  ২৭ রান করার পর পেসার হারিস রউফ-এর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর লিটন কুমার দাস-কে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন তানজিদ।

৩৩তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৯৮ বলে শতকের দেখা পান এই ওপেনার। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি ছক্কা ও ৬টি চারে। তবে সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি; ১০৭ বলে ১০৭ রান করে আউট হন টাইগার ওপেনার।

এরপর দলীয় ২৬২ রানে থামে লিটন দাসের ইনিংস। ৫১ বলে একটি চার ও একটি ছক্কায় ৪১ রান করেন তিনি। শেষদিকে পাঁচ নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন তাওহীদ হৃদয়। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৪ বলে ৪৮ রান করেন।

তার ইনিংসের ওপর ভর করেই ২৯০ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ম্যাচ জিততে পাকিস্তানকে করতে হবে ৩০০ বলে ২৯১ রান।

মন্তব্য করুন