তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৩:১০ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে ‘লুটপাটের’ অভিযোগ জামায়াত এমপির

সংগ্রহীত ছবি

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন ব্যবস্থাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

রোববার (১৫ মার্চ) অনির্ধারিত আলোচনায় অংশ নেন তিনি এবং হেডফোনটি দেখিয়ে বলেন, “এখন এতবড় বোঝা মনে হয় এটা। একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছেন।”

শাহজাহান চৌধুরী আরও বলেন, “আমাদের হাউসে সাউন্ড সিস্টেমটা, আমরা দুইবার সংসদে এসেছি, কিন্তু এত বড় একটা বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা ছাড়া যাতে করে একটা সাউন্ড সিস্টেম হয়। ১৯৯১ সালের সংসদে এটা ছাড়াই সংসদ চালিয়েছি। ২০০১ সালেও চার দলীয় সরকারের সময়ও হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, হেডফোন ছাড়া একটি সাধারণ সাউন্ড সিস্টেম থাকলেও কাজ চলবে, “হেডফোন ছাড়াও সংসদের সাউন্ড সিস্টেমটা আধুনিকায়ন করলে খুশি হব।”

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দেয়। স্পিকার হ্যান্ডমাইকে সভা পরিচালনা করেন এবং পরে ২০ মিনিটের বিরতি দেন। বিরতির পরও মাইক ঠিকভাবে কাজ করছিল না, যার কারণে একাধিক সংসদ সদস্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জামায়াতের অন্য এমপি মীর আহমাদ বিন কাসেমও হেডফোনের মান নিয়ে অভিযোগ করেছেন। তিনি ফেসবুকে লেখেন, “এই হেডফোনের মান এতটাই ভয়াবহ যে ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের, সংসদের পুরোনো ডিভাইসের তুলনায় খারাপ। সম্পূর্ণভাবে হতাশ।”

মন্তব্য করুন