রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড তিন উপজেলা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২১ মে ২০২২  

ঝিনাইদহে ১০ মিনিটের কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ উপজেলার বিভিন্ন গ্রাম। বজ্রপাতে পশু ও মানুষের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই বৃষ্টির সাথে শুরু হয় প্রচণ্ড ঝড়। এতে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর, রঘুনাথপুর, পিরোজপুর ও খোসালপুরসহ ১০টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১০ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। একই সাথে হরিণাকুন্ডু উপজেলা জোড়াদহ, মালিপাড়া, তৈলটুপিসহ কয়েকটি গ্রামে পান ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে।
 
এনায়েতপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, ১০ মিনিটের ঝড়ে আমাদের সব শেষ করে দিয়ে গেছে। গাছ-পালা ভাঙে গেছে। কারেন্টের পোল ভাঙে গেছে। রাস্তা বন্ধ ছিল। পিরোজপুর গ্রামে আব্দুস সাত্তার বলেন, সকালে হঠাৎ করে খুব ঝড় শুরু হয়। এর আগে আম্পানের সময় যে ঝড় হয়েছিল। তেমন ঝড় আজকে হয়েছে। আমাদের বাড়ি-ঘর ভেঙে গেছে। আম বাগান, লিচু বাগান, কলা বাগানের ক্ষতি হয়েছে।
 
কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রথীন্দ্রনাথ বসাক বলেন, ঝড়ে ৩৩ টি বিদ্যুতের পোল ভেঙেছে। তাছাড়া ৩৩ কেভি লাইনের ওপর গাছ পড়েছে আর তার ছিড়ে গেছে। আমাদের সব স্থানেই মেরামতের কাজ চলছে। সঠিক সময় বলা সম্ভব না তবে বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।
 
এদিকে শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে বজ্রপাতে স্বামী আহত ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে তারা দু’জনে বাড়ির পাশের মাঠে বেগুন তুলতে যায়। পরে ঝড় থামার পরে স্থানীয়রা মাঠে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রুপসী খাতুনকে মৃত ঘোষণা করে। আহত গোলামনবীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে বজ্রপাতে আশরাফুল ইসলাম নামের এক কৃষকের গোয়াল ঘরের দুটি মহিষ মারা গেছে। যার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
 
ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করছি। তালিকা শেষ হয়ে তারা যেন সহযোগিতা পায় সে ব্যাপারে মন্ত্রণালয়ের আবেদন করা হবে।

এই বিভাগের আরো খবর