শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪২

সৌদি আরব গেলেন বিমানবাহিনীর প্রধান

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে সৌদি আরব গিয়েছেন। রাজকীয় সৌদি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুল আজিজের আমন্ত্রণে তিনি সস্ত্রীক সৌদি আরব গেলেন। বিমানবাহিনী প্রধানের সঙ্গে তিনজন সফরসঙ্গীও রয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার বিমানবাহিনী প্রধান ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআর জানায়, সৌদি আরব অবস্থানকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি রাজকীয় সৌদি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আবদুল আজিজের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান কিং আব্দুল্লাহ এয়ার বেসসহ বিভিন্ন উড্ডয়ন প্রতিষ্ঠান, স্থাপনা ও যন্ত্রপাতি পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

এই বিভাগের আরো খবর