শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

ভোটার দিবস উদযাপনে ভারতে যাচ্ছেন ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

ভারতের জাতীয় ভোটার দিবস উদযাপন এবং প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিতে দেশটিতে সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আগামী ২৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত তারা ভারতের ভোটার দিবসসহ প্যারেড অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

এরই মধ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম ইসি আলমগীরের ভারত সফর সংক্রান্ত একটি চিঠি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ‘ভারতে জাতীয় ভোটার দিবস উদযাপন এবং প্রজাতন্ত্র দিবসের প্যারেডে’ যোগ দিতে ভারত সফর করবেন। আগামী ২৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত তারা ভারতের ভোটার দিবসসহ প্যারেড অনুষ্ঠানে যোগ দেবেন। এ উপলক্ষে নির্বাচন কমিশনারসহ অতিরিক্ত সচিব ২৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন এবং ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ২৯ জানুয়ারি।

ইসি জানায়, সফরে মো. আলমগীরের সঙ্গে থাকবেন তার স্ত্রী বিলকিস আক্তার ও কন্যা সাদিয়া আলম রাকা। স্ত্রী-কন্যার যাবতীয় খরচ কমিশনার নিজে বহন করবেন। একই সঙ্গে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঙ্গে থাকবেন তার স্ত্রী শিখা দেবনাথ। তিনিও ব্যক্তিগতভাবে স্ত্রীর সব খরচ বহন করবেন।

জানা যায়, এই সফরের সময়কাল, ভ্রমণ ও ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসাবে গণ্য করা হবে। ভারতের নির্বাচন কমিশন তিন দিন (২৪ থেকে ২৭ জানুয়ারি) হোটেলে থাকা, খাবার ও স্থানীয় পরিবহনের ব্যবস্থা করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন আন্তর্জাতিক বিমান ভাড়া ও অন্যান্য খরচ বহন করবে।

এই বিভাগের আরো খবর