শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১১

পুলিশ দিয়ে সড়ক দুর্ঘটনার সঠিক তদন্ত হয় না: শাজাহান খান

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান বলেছেন, পুলিশ দিয়ে সড়ক দুর্ঘটনার তদন্ত করলে তা সঠিক হয় না। তদন্ত করতে হবে বুয়েটের অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে অথবা এ বিষয়ে অভিজ্ঞদের দিয়ে।

বুধবার (১১জানুয়ারি) দুপুরে সদর হাসপাতাল মোড়ের একটি কমিউনিটি সেন্টারে ফেনী জেলা ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু চালকদের জেল ও ফাঁসি দিয়ে দিলেই সড়ক দুর্ঘটনা কমে যাবে না। সড়ক দুর্ঘটনার আরও অনেক কারণ রয়েছে। চালকরাও মানুষ, তাদেরও অনেক সুযোগ-সুবিধার দরকার হয়।
শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী ড্রাইভারদের জন্য ৫ বছরের অধিক সাজার ব্যবস্থা রাখেনি। সড়কে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু অতীতে ড্রাইভারদের ১৫ বছর পর্যন্ত সাজা দিত। সেটা এখন কমিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর দেশের কোথাও টার্মিনাল দখল হয়নি। বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় সব টার্মিনাল দখল করেছে।

সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, এ সরকারের আমলেই সড়ক পরিবহন আইন সংশোধন হবে। ইতোমধ্যে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরেছে। দলমত নির্বিশেষে সব শ্রমিকের জন্য সরকার কাজ করছে। সড়কে এখন আর বিশৃঙ্খলা নেই। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের কথা চিন্তা করেই সরকার মহাসড়কের বিভিন্ন স্থানে বিশ্রামাগার করছে। এ ছাড়া শ্রমিকদের জন্য নানা সুযোগ-সুবিধা বাড়িয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
বিশেষ অতিথি ছিলেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সংগঠনের সাধারণ সম্পাদক আবু শাহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক শ্রম দফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ফেনীর পরিবহন মালিক গ্রুপ ও মালিক সমিতির সভাপতি গোলাম নবী, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও স্টার লাইন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জাফর উদ্দিন পাটোয়ারী। এ সময় বিভিন্ন পর্যায়ের শ্রমিক মালিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর