রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬  

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্স-এ দেওয়া বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালানো হয়েছে।

 

এ ছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাক মন্ত্রণালয় দাবি করেছে, তাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে যে—রাজধানী ইসলামাবাদের মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় হয়েছে।

 

আফগান সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা এবং নানগারহার প্রদেশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তালেবান সরকার এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 

প্রেক্ষাপট এই হামলা এসেছে গতকাল রাতে খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেনেন্ট কর্নেলসহ দুই সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর। তার আগে সোমবার বাজাউরে অস্ত্রধারীর সহায়তায় এক আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা চৌকির কাছে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পাকিস্তান দাবি করে, এ হামলা আফগানিস্তানের এক নাগরিক চালিয়েছে।

 

আরও আগে গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, টিটিপি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

 

এই ঘটনা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর