শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬  

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর একটি বিশেষ প্রতিবেদনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পরিপ্রেক্ষিতে এই বিশ্লেষণ প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরা তারেক রহমান ফিরে আসার মাত্র সাত সপ্তাহের মধ্যে নির্বাচনে জয়ী হয়ে নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। টাইম জানুয়ারিতে তারেক রহমানের সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনর্গঠন, সমাজের বিভাজন দূরীকরণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারের পরিকল্পনা তুলে ধরেন।

টাইম প্রতিবেদনে তারেক রহমানের সাক্ষাৎকার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে:

১. জাতিকে ঐক্যবদ্ধ করা জুলাই অভ্যুত্থানে ১,৪০০-এর বেশি মানুষ নিহত এবং হাসিনা আমলে সাড়ে ৩ হাজারের বেশি গুমের ঘটনা ঘটেছে। এই ক্ষত এখনো তাজা। তারেক রহমান প্রতিশোধের পরিবর্তে ঐক্য ও শান্তির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, “প্রতিশোধ কিছুই ফিরিয়ে আনতে পারবে না; আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি, তবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

২. অর্থনৈতিক সংস্কার হাসিনা আমলে বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অসমতা ও বেকারত্বের কারণে অসন্তোষ বেড়েছে। তারেক রহমানের পরিকল্পনায় রয়েছে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে নারী ও বেকারদের নগদ সহায়তা, তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করা, ব্যাংকিং খাতের উদারীকরণ এবং প্রবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধি।

৩. ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি ও আমদানির ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ। হাসিনা আমলে ভারতের সঙ্গে কিছু চুক্তিতে ‘অসামঞ্জস্য’ রয়েছে বলে তারেক মনে করেন। তিনি বলেছেন, “সবার আগে থাকবে বাংলাদেশের স্বার্থ।” ট্রাম্পের শুল্ক নীতির পর অন্তর্বর্তী সরকার আলোচনার মাধ্যমে শুল্ক কমাতে সক্ষম হয়েছে।

৪. ইসলামপন্থীদের উত্থান নিয়ন্ত্রণ নির্বাচনে জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য আসন পেয়েছে। তারেক রহমান বলেছেন, সব দলকে জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে যাতে ৫ আগস্টের আগের সময়ে ফিরতে না হয়।”

৫. শিক্ষার্থীদের ভূমিকা অভ্যুত্থানে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারেক রহমান বলেছেন, “যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের বড় দায়িত্ব রয়েছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের শান্তিপূর্ণ প্রকৃতি ও ফলাফল গ্রহণের মাধ্যমে সরকার ও বিরোধী দল উভয়ই অতীতের ধারাবাহিকতা ভাঙার সুযোগ পেয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিকনির্দেশনা পেতে পারে।

এই বিভাগের আরো খবর