রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

গ্রাম্য চিকিৎসককে লাখ টাকা জরিমানা, চেম্বার সিলগালা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৭ মে ২০২২  


বাগেরহাটের কচুয়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে এম এম মনির নামে এক গ্রাম্য চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৭ মে) দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালানো হয়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান উপস্থিতিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে ওই চিকিৎসককে দণ্ডাদেশ দেন।  
দণ্ডপ্রাপ্ত এম এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার রোহান সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ নিয়েই নিজেকে এমবিবিএস পাস দাবি করে চেম্বার নিয়ে দীর্ঘদিন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এমএম মনির নামের ওই ব্যক্তি।
তিনি বলেন, চেম্বারের সামনে সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখেছেন সেটিও ভুয়া। তার অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা এবং চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে। ভুয়া ডিগ্রি ব্যবহার করে পুনরায় চিকিৎসা সেবা প্রদান করবে না মর্মে মুচলেকা দিয়েছেন এমএম মনির নামের ওই ব্যক্তি।

এ দিকে ভুয়া ডিগ্রি ব্যবহারকারী এই চিকিৎসকের জরিমানা ও চেম্বার সিলগালা করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জাহিদুল ইসলাম বলেন, চার বছর ধরে চক্ষু, নাক, গান, গলা, মাথা ব্যথা রোগে অভিজ্ঞ এমন সাইনবোর্ড ঝুলিয়ে স্থানীয়দের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করছিলেন এমএম মনির। তার ডিগ্রি ও চিকিৎসা সেবা বিষয়ে আমাদের সন্দেহ হলেও কিছু বলার ছিল না। কয়েকবার গোপনে সিভিল সার্জন অফিসে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি কেউ। আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তাতে আমরা খুশি হয়েছে। চেম্বার বন্ধ হওয়ায় অনেক মানুষ ভুয়া ডাক্তারের হাত থেকে বাঁচল।

এই বিভাগের আরো খবর