বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৪

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ; কারখানা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

গাজীপুরের নাওজোড় এলাকায় দিগন্ত সোয়েটার নামক একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় হামলা, ভাঙচুর করে।

এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে। এসময় তারা অপর একটি কারখানায় ভাঙচুর চালায় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় শ্রমিক ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আশেপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, দিগন্ত সোয়েটার কারখানায় জ্যাকার মেশিন বসানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সম্প্রতি ছাঁটাই আতঙ্ক দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মালিকপক্ষ পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের দাবি মেনে নেয়। কিন্তু আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রমিকরা দিগন্ত কারখানায় কাজ করতে গিয়ে বিভিন্ন সেকশনে মেশিনের লাইট, মেশিন ভাঙচুর অবস্থায় দেখতে পান। পরে তারা আন্দোলনে নেমে নির্বিচারে ভাঙচুর চালায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে বাসন থানা পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে এবং তাদের সড়ক থেকে হটিয়ে দেয়। শ্রমিকরা আন্দোলন ত্যাগ করলে সকাল ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য পরিকল্পিতভাবে মেশিনপত্র তছনছ করেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে তারা আন্দোলনে নামেন। এসময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে।

বাসন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দিগন্ত সোয়েটার কারখানার মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলার কারণে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই বিভাগের আরো খবর