প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ১১:২৫ এ এম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার বিষয়ে আবারও নিজের ভাবনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টি আয়োজিত দুই দিনব্যাপী প্রথম সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
সম্মেলনে ট্রাম্প দাবি করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বর্তমানে যুক্তরাষ্ট্রের সার্বিক নিয়ন্ত্রণে রয়েছে এবং এখান দিয়ে তেলবাহী জাহাজ চলাচল অব্যাহত আছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত বা যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে। এছাড়াও খাদ্যপণ্যসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে বলে দাবি করেন তিনি।
তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বাস্তব চিত্র ট্রাম্পের দাবির ঠিক বিপরীত। মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান সামরিক সংঘাত এবং সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ঘটনায় সরবরাহ বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১০০ ডলার অতিক্রম করেছে। ভৌগোলিক ও আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের উপকূলে অবস্থিত হরমুজ প্রণালির নাম একতরফাভাবে পরিবর্তনের কোনো এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই, যা নিয়ে বিশ্বজুড়ে নানা সমালোচনা চলছে।
ভাষণকালে আগামী মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে রিপাবলিকান প্রার্থীদের জয়ে সব দোদুল্যমান বা 'সুইং স্টেট'-এ নিজে উপস্থিত থেকে প্রচারণা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে রিপাবলিকানরা নির্বাচনে হেরে গেলে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ও কর ছাড়ের সুবিধা বিঘ্নিত হয়ে নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও সতর্ক করেন তিনি। বক্তব্য চলাকালে বাথরুমে যাওয়া সাংবাদিকদের খালি চেয়ারের দৃশ্য দেখিয়ে মিডিয়া অপপ্রচার চালাতে পারে—এমন রসিকতা করে কক্ষে সবাইকে নিজ আসনে অবস্থান করার আহ্বান জানান তিনি। ডেমোক্র্যাটরা ট্রাম্পের এ সম্মেলনকে মূল সংকট থেকে জনগণের নজর ঘোরানোর নাটক বলে অভিহিত করেছে।
মন্তব্য করুন