বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৫ এ এম

অনলাইন সংস্করণ

মুক্তির আগেই সিরিজটি নিয়ে এত আলোচনা কেন

মুক্তির আগেই আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে ডিজনি প্লাসের নতুন কোরিয়ান অরিজিনাল সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। আগামী নভেম্বর মাসে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটির টিজার প্রকাশের অল্প সময়ের মধ্যেই এক কোটি ভিউ অতিক্রম করেছে।

জনপ্রিয় ওয়েব উপন্যাস ও ওয়েবটুন অবলম্বনে নির্মিত এই ফ্যান্টাসি-রোমান্স ড্রামাটির কেন্দ্রে রয়েছে পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়েরের জীবনের নাটকীয় মোড়। নাভিয়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শিন মিন-আ। তাঁর স্বামী সম্রাট সোভিয়েশুরের ভূমিকায় আছেন অভিনেতা জু জি-হুন। সম্রাটের জীবনে ‘রাস্তা’ নামের এক দাসীর আগমনে ফাটল ধরে নাভিয়েরের দাম্পত্য জীবনে। একপর্যায়ে সম্রাট তাকে বিবাহবিচ্ছেদের প্রস্তাব দিলে তা মেনে নেন নাভিয়ের; তবে শর্ত হিসেবে তিনি বেছে নেন পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে। হেইনরি চরিত্রে অভিনয় করেছেন কোরিয়ান সুপারস্টার লি জং-সক।

বিবাহবিচ্ছেদের পর নতুন করে বিয়ের এই সাহসী সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রেম, রাজদরবারের রাজনীতি, বিশ্বাসঘাতকতা, সামাজিক মর্যাদা ও প্রতিশোধের রাজকীয় সব গল্প। স্বামী কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পর একজন নারী কীভাবে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে তোলেন, তা-ই তুলে ধরা হয়েছে এই সিরিজে।

ইতিমধ্যেই টিজারে রাজপ্রাসাদের সুবিশাল সেট, জমকালো পোশাক এবং প্রধান চরিত্রগুলোর সম্পর্কের সুসূক্ষ্ম টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া গেছে। ওটিটি বিশ্লেষকদের মতে, ‘মুভিং’ বা ‘বিগ বেট’-এর মতো সফল সিরিজের পর ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ হতে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে ডিজনি প্লাসের অবস্থান আরও শক্তিশালী করার বড় চাবিকাঠি।

মন্তব্য করুন