প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৩ এ এম
অনলাইন সংস্করণ
'শোটাইম' সিরিজের পর বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে নেটফ্লিক্সের নতুন রোমান্টিক সিরিজ ‘মুসাফির ক্যাফে’–তে ‘প্রীতি’ চরিত্রে অভিনয় করে পুনরায় ব্যাপক আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী মহিমা মকওয়ানা। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে প্রথম আলোর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়যাত্রা, দীর্ঘ অপেক্ষা ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
দীর্ঘ বিরতি প্রসঙ্গে মহিমা জানান, তিনি কোথাও হারিয়ে যাননি; বরং ভালো চিত্রনাট্য ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় ছিলেন। 'মুসাফির ক্যাফে' সিরিজে তাঁর সঙ্গে দেখা গেছে অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও বেদিকা পিন্টোকে। বিক্রান্তের সঙ্গে কাজের স্মৃতিচারণ করতে গিয়ে মহিমা জানান, বয়স যখন মাত্র ৯-১০ বছর, তখন 'বালিকা বধূ'র সেটে বিক্রান্তের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর আবার একই পর্দায় এসে বিক্রান্তের সরলতা ও অভিজ্ঞতার প্রশংসা করেন তিনি।
সিরিজে সহ-অভিনেত্রী বেদিকা পিন্টোর সঙ্গে কাজের প্রসঙ্গে তিনি জানান, দুই অভিনেত্রীর মধ্যে নিরাপত্তাহীনতার প্রচলিত ধারণা সঠিক নয়; সবকিছু নির্ভর করে মানুষের মানসিকতা ও আত্মবিশ্বাসের ওপর।
ব্যক্তিগত জীবন ও ভালোবাসার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে গিয়ে মহিমা জানান, তিনি আধুনিক ক্ষণস্থায়ী প্রেমের চেয়ে পুরোনো দিনের গভীর ভালোবাসা, প্রতিশ্রুতি ও বিয়েতে বিশ্বাসী। তাঁর মতে, প্রতিটি মানুষের জীবনে একটা 'ঘর' দরকার, যা কোনো বিশেষ মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যায়।
মাত্র ১২ বছর বয়সে টেলিভিশন ধারাবাহিক 'সাপনে সুহানে লড়কপন কে'-র 'রচনা' চরিত্রের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু মহিমার। এরপর 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' সিনেমায় সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণ বলে উল্লেখ করেন তিনি। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে নির্দিষ্ট কোনো মাধ্যমের গণ্ডিতে নিজেকে আটকে না রেখে ওটিটি ও বড় পর্দায় নতুন নতুন চ্যালেঞ্জিং গল্পে কাজ করতে চান।
মন্তব্য করুন