তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, আগামী বছর থেকেই শুরু হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্লাস

উত্তরপদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইসরাফিল শাহীন জানান, আগামী বছর (২০২৭) থেকেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্য নিয়ে জোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাসে ৬টি বিভাগ চালু করা হবে, যার আনুষ্ঠানিক অনুমোদন আগামী সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁও শহরে একটি উপযুক্ত ভবনে অস্থায়ী ক্যাম্পাস পরিচালনা করা হবে। সেখান থেকেই শিক্ষার্থীদের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গতকাল নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। এর আগে রোববার বিশ্ববিদ্যালয়টির জন্য জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়। নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলের প্রত্যন্ত এই জনপদে উচ্চশিক্ষার প্রসারে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

 

মন্তব্য করুন