প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ১০:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
অনিয়ম ও জালিয়াতির নানা অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন সায়মা ওয়াজেদ, যা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতি এবং বাংলাদেশে অবৈধভাবে প্লট অধিগ্রহণের অভিযোগে তদন্ত চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও তিনি এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। ২০২৩ সালের নভেম্বরে সদস্যদেশগুলোর ভোটে এ পদে নির্বাচিত হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তবে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা পরিবারসহ তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হলে, ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে প্রথম অবৈতনিক ছুটিতে পাঠায় সংস্থাটি।
পদত্যাগপত্রে ডব্লিউএইচও প্রধানের উদ্দেশে সায়মা ওয়াজেদ লেখেন, দায়িত্ব পালনে অব্যাহত বাধা প্রদান এবং টানা এক বছর ধরে কোনো বেতন না পাওয়ায় তাঁর আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এর ফলে ডব্লিউএইচওর বর্তমান নেতৃত্বের ওপর থেকে তিনি আস্থা হারিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর আঞ্চলিক পরিচালকের শূন্য পদের জন্য মনোনয়ন ঘোষণা করা হতে পারে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আগামী বছর ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে নতুন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ।
মন্তব্য করুন