প্রকাশিত: ৫২ মিনিট আগে, ১১:২৮ এ এম
অনলাইন সংস্করণ
উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সাময়িক স্থানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোও এই প্রাণহানির ঘটনা নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিত্যক্ত অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ নিরাপদ স্থানে স্থানান্তরের পূর্বপ্রস্তুতি হিসেবে স্থানটিতে সাময়িকভাবে রাখা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত এই বিস্ফোরণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও অগ্নিনির্বাপণ বিভাগের একাধিক ইউনিট। তবে মূল বিস্ফোরণের পর ভেতরে থাকা অন্যান্য গোলাবারুদে একের পর এক সেকেন্ডারি বিস্ফোরণ ঘটতে থাকায় সেখানে আগুন নেভানো এবং উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হয়। ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পুরো এলাকা কালো ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় এই ভয়াবহ বিস্ফোরণের মূল কারণ সম্পর্কে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি।
উল্লেখ্য, এলাকাটিতে সম্প্রতি যুদ্ধের অবশিষ্টাংশ সংক্রান্ত এটি দ্বিতীয় বড় বিস্ফোরণ। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদবাহী একটি ট্রাকে আকস্মিক বিস্ফোরণে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
মন্তব্য করুন