প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:০৯ এ এম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬৮ হাজার কোটি টাকা) মূল্যের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অনুমোদিত এই চুক্তির সিংহভাগজুড়ে রয়েছে প্রায় ৫০০ কোটি ডলারের 'জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ' (জেডিএএম-ইআর)। এই আকাশ থেকে ভূমিতে আঘাত হানার দূরপাল্লার অস্ত্র ও সরঞ্জামগুলোর প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে মার্কিন অ্যারোস্পেস জায়ান্ট বোয়িং।
এ ছাড়া সৌদি প্রতিরক্ষা বাহিনীর জন্য অতিরিক্ত প্রায় ৭৫ কোটি ডলার মূল্যের ‘এজিটি-১৫০০’ অ্যারোটারবাইন ইঞ্জিন বিক্রির অনুমোদনও প্রদান করা হয়েছে। এই ইঞ্জিন সরবরাহের মূল ঠিকাদার প্রতিষ্ঠান আমেরিকান বহুজাতিক সংস্থা হানিওয়েল।
ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি অঞ্চলটিতে বিদ্যমান ও উদীয়মান বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবেলা, সৌদির নিজস্ব ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উপসাগরীয় মিত্রদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সঙ্গে কার্যকর আন্তঃসংযোগ বা সমন্বয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও উল্লেখ করে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের সামগ্রিক পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও সহায়ক হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান 'নন-ন্যাটো' মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবের সার্বিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বলয় আরও শক্তিশালী ভিত্তি পাবে।
মন্তব্য করুন