প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ বা বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন এক ভাড়া বাসা থেকে এই তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, উদ্ধারকৃতদের মধ্যে গৃহকর্তার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ওই কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরটি বন্ধ দেখতে পেয়ে তারা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তল্লাশি চালায় এবং ভেতর থেকে একই পরিবারের ওই তিনজনের অর্ধগলিত লাশ দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন জানান, স্থানীদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে ঘটেছে এবং নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য করুন