তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪০ এ এম

অনলাইন সংস্করণ

বিশ্ব মানবিক সংকটে সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমেই গভীরতর হওয়ায় মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান।

বক্তব্যে তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে।

একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি বৈশ্বিক মানবিক অর্থায়নের ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।

আগামী ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন। একই দিনে তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

মন্তব্য করুন