প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মন্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, পার্থকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে ভোলা শহরের নতুন জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (১৩ জুন) ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পরও ব্যারিস্টার পার্থ ভোলার মানুষের কাছে নিয়মিত যান না এবং স্থানীয় সমস্যা সংসদে যথাযথভাবে তুলে ধরেন না। পাশাপাশি তিনি দাবি করেন, সরকারকে খুশি করতে পার্থ প্রায়ই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বক্তব্য দেন।
সমাবেশে এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, গোলাম পরওয়ার দায়িত্বশীল অবস্থানে থেকে অসত্য তথ্য প্রচার করেছেন। তিনি দাবি করেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন ইস্যু তুলে ধরেছেন এবং ভোলার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সময়ের প্রয়োজন হলেও জামায়াত নেতারা তা অস্বীকার করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।
সমাবেশে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী, ভোলা সদর উপজেলার সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভোলার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় ব্যারিস্টার পার্থের বিকল্প নেই এবং তাঁর বিরুদ্ধে মিথ্যাচার জনগণ মেনে নেবে না।
মন্তব্য করুন