প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৮ এ এম
অনলাইন সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে সামলানো কঠিন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু প্রায় সব পরিস্থিতিতেই সামরিক হামলার দিকে ঝোঁকেন।
মার্কিন এক কর্মকর্তার বরাতে The Wall Street Journal-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন যে নেতানিয়াহু ‘সবকিছুতেই বোমা ফেলতে চান’। তবে একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে ‘দারুণ’ বলেও উল্লেখ করেছেন, যদিও কখনো কখনো তাকে ‘মাত্রাতিরিক্ত এগিয়ে যাওয়ার’ প্রবণতা রয়েছে বলে মনে করেন।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই নেতার মধ্যে হওয়া বেশিরভাগ ফোনালাপেই নেতানিয়াহু নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ওই কর্মকর্তার ভাষায়, নেতানিয়াহু নিয়মিতভাবে যুক্তি দেন কোথায় হামলা চালানো উচিত, কেন ইসরাইলি গোয়েন্দারা তা করতে সক্ষম এবং কখন তা করা প্রয়োজন। প্রেসিডেন্ট এসব শোনেন, তবে প্রায় প্রতিটি ফোনালাপ একই ধরনের হওয়ায় এতে ধীরে ধীরে বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ছেন ট্রাম্প।
মন্তব্য করুন