প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
চলতি বছরের বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতার ভিত্তিতে এসব নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে।
তিনি জানান, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করা হবে।
নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। এ জন্য প্রয়োজনীয় অর্থ চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন ব্যয় নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, নতুন অর্থবছর শুরু হলে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ শুরু করবে।
মন্তব্য করুন