তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৭ এ এম

অনলাইন সংস্করণ

একাদশে ভর্তি আবেদন শুরু আজ, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। এরপর ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ভর্তির এই পূর্ণাঙ্গ সূচি ও তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ নীতিমালা অনুযায়ী, কোনো প্রকার ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের (জিপিএ) ওপর ভিত্তি করে সম্পূর্ণ অনলাইনে ভর্তি নেওয়া হবে। শিক্ষার্থীরা একাদশে ভর্তির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দের ভিত্তিতে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া যাদের এসএসসি ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে পরিবর্তন আসবে, তাদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের বিশেষ সুযোগ থাকছে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর প্রাথমিক নির্বাচন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

চূড়ান্ত নির্বাচন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর স্ব-স্ব কলেজে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাসের যাত্রা শুরু হবে। শিক্ষা বোর্ডের নীতিমালায় উল্লেখ করা হয়েছে, মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে এবং বাকি ৯৩ শতাংশ আসন শতভাগ মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

 

 

মন্তব্য করুন