তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৯ এ এম

অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস ধরে উন্নত চিকিৎসা এবং শারীরিক পুনর্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এক বিশেষ ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের।

মালয়েশিয়া থেকে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশে ফেরার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পরিবার ও বিএনপি সমর্থিত শীর্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘ চিকিৎসা ও টানা পুনর্বাসনের ফলে বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে। তবে ঢাকায় ফেরার পরও তাঁর নিয়মিত চিকিৎসাসেবা ও পুনর্বাসন প্রক্রিয়া চালু থাকবে, যার জন্য প্রতিদিন সুনির্দিষ্ট ফিজিওথেরাপি গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার প্রেক্ষাপটে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুরে এবং পরবর্তীতে নিবিড় পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন ছিলেন মির্জা আব্বাস। ঢাকা-৮ আসনের বর্তমান এই সংসদ সদস্য দেশে ফেরার পর শারীরিক সক্ষমতা অনুযায়ী আবারও ধীরে ধীরে দলের এবং সরকারের নীতি নির্ধারণী কর্মকাণ্ডে সক্রিয় হবেন বলে আশাবাদী তাঁর দলের সহকর্মীরা।

মন্তব্য করুন