প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:২২ এ এম
অনলাইন সংস্করণ
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও রকেট-ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে জোরদার করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন তাদের কৃতকর্মের জন্য প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত এই পাল্টা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান।
বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
কর্নেল জুলফাকারি দাবি করেন, ইরানি সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলায় ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামোসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এই অভিযানে বেশ কয়েকজন উচ্চপদস্থ শীর্ষ কমান্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা নিহত ও গুরুতর আহত হয়েছেন বলে তিনি জানান।
মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির সামরিক বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের হামলা ও অপরাধের বিরুদ্ধে আমাদের এই আক্রমণাত্মক সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করছে।"
ইরানি এই মুখপাত্র আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা যদি অবিলম্বে এই শত্রুভাবাপন্ন অবস্থান থেকে সরে না আসে, তবে ভবিষ্যতে আরও 'ভারী, ব্যাপক ও ধ্বংসাত্মক' প্রতিক্রিয়া দেখাবে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যেসব দেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করছে, তাদেরকেও এই চরম সংকটের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়।
মন্তব্য করুন