বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৭ এ এম

অনলাইন সংস্করণ

বাজারে দরপতন ঠেকাতে ৩ মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের দরপতন ঠেকাতে দীর্ঘ প্রায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই বিপুল পরিমাণ ডলার ক্রয করে। এর আগে সর্বশেষ গত ২০ মে বাজার থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক খাত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের দর অস্বাভাবিকভাবে কমছিল। ব্যাংকগুলো রেমিট্যান্স হাউজ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা থেকে ১২২ টাকা ৪০ পয়সা দরে কেনে এবং এলসি নিষ্পত্তি হয় ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সায়।

চাহিদার তুলনায় বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহ এবং বেসরকারি খাতের দুর্বল ঋণ প্রবৃদ্ধির কারণে চাহিদায় মন্দা দেখা দেয়ায় ডলারের দাম নামতে শুরু করে। বাজার বিশ্লেষণ করে ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কিনে বাজারে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, ডলারের দর এই সীমার নিচে আর নামতে দেওয়া হবে না।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাংকগুলোকে ডলার কেনার সিদ্ধান্ত জানানো হয়। দুপুরের পর কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়ের দর উন্মুক্ত হলে বিকেলেই রেমিট্যান্স ও এলসি নিষ্পত্তিতে ডলারের দাম আবার বেড়ে ১২২ টাকা ৭৫ পয়সায় স্থির হয়।

গত ১৫ দিন ধরে বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের দামে তীব্র ওঠানামা দেখা দেওয়ায় ব্যবসায়ী ও ব্যাংক গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংকের এই ডলার ক্রয়ের ফলে বাজারে ভারসাম্য ফিরবে এবং ডলারের দরে স্থিতিশীলতা আসবে বলে আশা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন