আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:৩১ এ এম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্ব তেলের বাজারে তোলপাড়, দর ব্যারেলে ৯৫ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি সামরিক হামলার পর বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে। এই সংঘাত ও আশঙ্কার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম উর্ধ্বমুখী হতে দেখা যায়। মধ্যপ্রাচ্যে দ্রুত সংঘাত ও উত্তেজনা হ্রাসের আশা ক্ষীণ হয়ে আসায় আগের দিনের মূল্যবৃদ্ধির ধারাই বজায় রয়েছে জ্বালানির বাজারে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ৮৭ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৯৫.৫২ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮০ সেন্ট বা ০.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১.০২ ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

এর আগের কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে উভয় বেঞ্চমার্কের দাম ব্যারেলে ৪ ডলারেরও বেশি বেড়েছিল। বাজার বিশ্লেষণ অনুযায়ী, এটি ছিল ব্রেন্ট ক্রুডের ক্ষেত্রে গত ২৪ জুলাই এবং ডব্লিউটিআই ক্রুডের ক্ষেত্রে ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ একদিনের দরবৃদ্ধির রেকর্ড।

বাজার বিশেষজ্ঞদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে সম্ভাব্য বাধা এবং মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর অবকাঠামো আক্রমণের মুখে পড়ার ঝুঁকি আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা তৈরি করেছে। সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন