বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২২ এ এম

অনলাইন সংস্করণ

স্বর্ণের বাজারে ফের দরপতন! ভরিতে কমাল ৪ হাজার ২৩ টাকা

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো আরও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম কমে আসায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সার্বিক অলংকার বিক্রির নতুন মূল্য নির্ধারণ করা হলো।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, সরকারি ভ্যাটসহ এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের বিক্রি মূল্য দাঁড়াবে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস কঠোরভাবে স্মরণ করিয়ে দেয় যে, ঘোষিত এই বিক্রয়মূল্যের মধ্যেই সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতা বা গ্রাহকের কাছ থেকে গহনা বিক্রির সময় আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার শৈল্পিক নকশা ও ডিজাইন অনুযায়ী নিয়মমাফিক মজুরি যুক্ত থাকবে। এছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরাতন স্বর্ণ ও রুপা কেনাবেচা বা বিনিময়ের ক্ষেত্রে বাজুসের আগের নীতিমালা বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (৩১ আগস্ট) ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তিন দিনের ব্যবধানে দুই দফায় স্বর্ণের দাম কমায় জুয়েলারি বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন