প্রকাশিত: ৩৭ মিনিট আগে, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, "এম সাইফুর রহমানের মতো একজন ক্ষণজন্মা অর্থনীতিবিদ ও নেতার মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন থাকতেই পারে। দেশের অর্থনীতির শক্ত ভিত্তি নির্মাণে যাঁর অসামান্য অবদান রয়েছে, তাঁর মৃত্যু কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র ছিল, তা উন্মোচন করা অত্যন্ত জরুরি।"
সাবেক অর্থমন্ত্রীর অবদান স্মরণ করে রিজভী বলেন, এম সাইফুর রহমান তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও অর্থনীতির সফল ব্যবস্থাপনার কারণে জাতির সম্পদে পরিণত হয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর দক্ষতা অভিনন্দিত ও স্বীকৃত ছিল। তিনি অর্থমন্ত্রী পদে থাকাকালীন শেয়ারবাজার লুটের মতো কোনো ঘটনা ঘটেনি, যা তাঁর সততা ও সুপার ক্যাপাসিটির প্রমাণ দেয়।
গ্রামীণ অবকাঠামো ও কৃষি অর্থনীতিতে সাইফুর রহমানের প্রবর্তিত সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা দাবি করেন, দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার সবসময় চ্যাম্পিয়ন ছিল। সাইফুর রহমানের রেখে যাওয়া অর্থনৈতিক নীতি ও মূল্যবোধ অনুসরণ করেই বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিশ্বদরবারে একটি সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।
মন্তব্য করুন