তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

প্রাথমিকের সব শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সরকার। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন করার সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের নিয়োগ ও পদায়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সব ধরণের শিক্ষক বদলি বন্ধ থাকবে। নতুন শিক্ষকদের তালিকা নির্দিষ্ট ও পদায়ন ফিক্সড হওয়ার পর পুনরায় বদলি কার্যক্রম চালু করা হবে। তিনি আরও ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে বদলি কার্যক্রম আবার চালু হলে বর্তমান নীতিমালায় বড় ধরনের পরিবর্তনও আসতে পারে।

উপবৃত্তি সংক্রান্ত নীতিগত অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, সরকারি উপবৃত্তি যেন প্রকৃত প্রান্তিক ও দুস্থ শিক্ষার্থীদের কাজে আসে, সেজন্য কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে এটিকে ‘ফাইন্যান্সিয়াল নিড বেসড’ বা আর্থিক চাহিদানুগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে প্রকৃত প্রয়োজন রয়েছে এমন শিক্ষার্থীদের উপবৃত্তির আওতা ও বরাদ্দ দুটোই বৃদ্ধি পাবে।

'সবার আগে বাংলাদেশ' অঙ্গীকার বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে ববি হাজ্জাজ আরও জানান, প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করার পাশাপাশি ঝরে পড়া ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের প্রাতিষ্ঠানিক আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে নতুন করে শক্তিশালী করা হচ্ছে।

মন্তব্য করুন