প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ
সীমান্তবর্তী এলাকার যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৫৩ বিজিবির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী যুবকদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবেন। পাশাপাশি তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিরাপদ ও সুন্দর জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে বিজিবির এই সময়োপযোগী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।
প্রশিক্ষণার্থীদের কয়েকজন জানান, সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক কম। ফলে অনেক যুবকের ঝুঁকিপূর্ণ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের বৈধভাবে আয় করার সুযোগ তৈরি করবে।
মন্তব্য করুন