তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১২ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা মূলত আওয়ামী লীগের বয়ান: শফিকুল আলম

জুলাই গণ-অভ্যুত্থান এবং পরবর্তীতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন, তাঁদের পুরো বক্তব্য ও দৃষ্টিভঙ্গি মূলত আওয়ামী লীগেরই বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কেবল দিল্লিতে বসে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে—বিষয়টি তা নয়; বরং তারা জুলাইয়ের ঐতিহাসিক অভ্যুত্থানকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে 'গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম' আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীতের শাসনের নানা সহিংসতার চিত্র তুলে ধরে সাবেক এই প্রেস সচিব বলেন, বাংলাদেশে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যবর্তী সময়ে রাজনৈতিক ও আদর্শিক ভিন্নমতের অন্তত ৪০ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেসময় মানুষকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করা, খানকা শরীফে হামলা চালানো কিংবা বাউলদের জোরপূর্বক ধরে মাথার চুল কেটে দেওয়ার মতো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সংখ্যালঘু অধিকার নিয়ে আলোকপাত করতে গিয়ে শফিকুল আলম স্বীকার করেন, বাংলাদেশে অতীতেও যেমন সংখ্যালঘুদের জন্য শতভাগ নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি, বর্তমান সময়েও সেই কাঙ্ক্ষিত নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করা যায়নি।

অন্তর্বর্তী সরকারের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, "অনেকে অন্তর্বর্তী সরকারকে নানাভাবে কটাক্ষ করে এক ধরনের আনন্দ পান। তবে মনে রাখতে হবে, এটি কোনো গতানুগতিক রাজনৈতিক সরকার ছিল না।" এ ছাড়া গণভোটের যৌক্তিকতা তুলে ধরে তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি দেখেছেন, তরুণ প্রজন্মের মাঝে গণভোট ও গণতান্ত্রিক সংস্কার নিয়ে অত্যন্ত প্রখর ও পরিষ্কার ধারণা রয়েছে।

মন্তব্য করুন