প্রকাশিত: ৪৫ মিনিট আগে, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বব্যাপী শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং বাল্যবিয়ে পুরোপুরি বন্ধের লক্ষ্যে প্রতি বছরের ২৭ নভেম্বরকে ‘বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতিসংঘ।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই ঐতিহাসিক তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, শিশু সুরক্ষা বিষয়ক সংগঠন ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা ভুবন রিভু প্রথম জাতিসংঘে বাল্যবিবাহবিরোধী একটি নির্দিষ্ট আন্তর্জাতিক দিবস পালনের প্রস্তাব দেন। পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর আফ্রিকার দেশ সিয়েরা লিওন জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
উলেখ্য, আন্তর্জাতিক এই দিবসটির সঙ্গে ভারতের বাল্যবিবাহবিরোধী অভিযানের এক নিবিড় যোগসূত্র রয়েছে। ২০২৪ সালের ২৭ নভেম্বর ভারত সরকার দেশব্যাপী ‘বাল বিবাহ মুক্ত ভারত’ অভিযানের সূচনা করেছিল। সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই বিশ্বজুড়ে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতিসংঘের এই বিশ্বজনীন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে ভুবন রিভু বলেন, "এটি বিশ্ব দরবারে শিশু সুরক্ষায় নেতৃত্ব দেওয়ার এক গর্বের মুহূর্ত। ২০২৪ সালের ২৭ নভেম্বর আড়াই কোটিরও বেশি মানুষ বাল্যবিবাহ বন্ধের অঙ্গীকারে শামিল হয়েছিলেন। এটি ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে শিশু বিয়ে নির্মূলের বৈশ্বিক লড়াইয়ে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।"
উল্লেখ্য, জাতিসংঘের এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫ নম্বর লক্ষ্য 'লিঙ্গসমতা'-র সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ, যেখানে শিশুদের ওপর যেকোনো ধরনের ক্ষতিকর প্রথা ও জোরপূর্বক বাল্যবিবাহ বন্ধ করার বৈশ্বিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
মন্তব্য করুন