প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:৩০ এ এম
অনলাইন সংস্করণ
কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়—দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু হয়েছে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সূচনার আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান জানান, ১১ দলীয় ঐক্যের আগের ৬ দফা দাবির সঙ্গে এবার যুক্ত করা হয়েছে ৭ম দফা। তিনি বলেন, "আমাদের পরিষ্কার কথা—বাংলাদেশের মাটিতে কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা বরদাশত করব না। গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বা সেবা না থাকলেও যথারীতি বিল দিতে হচ্ছে, অথচ নাগরিক সুবিধার চরম ঘাটতি নিয়ে কথা বললেই জুটছে গ্রেফতার ও নিপীড়ন।"
সম্প্রতি বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদ করায় সিফাত নামের এক তরুণকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "সিফাতদের নাজেহাল করে গদি রক্ষা করা যাবে না। সিফাতকে ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তবে মনে রাখবেন—অতীতে এক নূর হোসেন, এক ইয়াসমিন ও এক ডাক্তার মিলন কিন্তু বহু ক্ষমতাধরদের গদি উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, তা কেউ বলতে পারবে না। সিফাতকে আটক করলেও দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে রাজপথে গর্জন করবে।"
জনগণের অধিকার প্রতিষ্ঠায় লংমার্চের কর্মসূচি যেকোনো মূল্যে সফল করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, "আমাদের এই লড়াই জাতীয় সংসদ ও রাজপথ—উভয় জায়গায় সমান্তরালভাবে চলবে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত কোনো বাধাকেই আমরা পরোয়া করব না।"
সমাবেশ ও দোয়া পরিচালনা শেষে শাপলা চত্বর থেকে জামায়াত আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বিশাল সুসজ্জিত কাফেলা যাত্রা শুরু করে।
মন্তব্য করুন