প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৭ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বৈশ্বিক এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী হতে দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় সাড় ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ৯৫.২০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২৪ সেন্ট বা ০.২৬ শতাংশ কমে ৯০.৭৭ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো সময় বড় সামরিক সংঘাত শুরু হতে পারে। বিশ্বের মোট তেল সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম এই প্রণালি অবরুদ্ধ বা ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজার চরম অস্থির হয়ে উঠবে। সার্বিক ঝুঁকি বিবেচনায় তেলের বাজারে সতর্ক অবস্থান নিয়েছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা।
এদিকে, চরম সামরিক উত্তেজনার আবহেই এক বিতর্কিত ও বিস্ফোরক প্রস্তাব এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’র নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, "হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।" এরপর অনুসারীদের উদ্দেশ্যে তিনি লেখেন, এই প্রণালির ঐতিহাসিক নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করার সময় এসেছে।
ট্রাম্পের এই অনাকাঙ্ক্ষিত মন্তব্য এবং যুক্তরাষ্ট্র-ইরানের সামরিক মহড়া ও পাল্টাপাল্টি হুমকিতে পুরো মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা এখন তুঙ্গে।
মন্তব্য করুন