প্রকাশিত: ১৩ মিনিট আগে, ১০:১৯ এ এম
অনলাইন সংস্করণ
গত ৮ আগস্ট আন্তর্জাতিক সংগীত জগতে সফল ১০ বছর পূর্ণ করেছে বিশ্বখ্যাত কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিংক’। দশক পূর্তির বিশেষ মুহূর্ত উদযাপনের পর এবার যার যার একক গানে ফিরছেন দলটির সদস্যরা— জেনি, জিসু ও লিসা। ২০২৫ সালে শুরু হয়ে ২০২৬ সালের শুরুতে শেষ হওয়া ‘ডেডলাইন’ ট্যুর এবং দীর্ঘ চার বছর পর প্রকাশ পাওয়া চার সদস্যের ইপি ‘ডেডলাইন’ অ্যালবাম প্রকাশের পর এবার ব্যক্তিগত সোলো প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা।
সোলো ট্র্যাকে সদস্যদের মধ্যে সবার আগে বাজারে এসেছেন জেনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন ডিজিটাল ইপি ‘ফলেন অ্যাঞ্জেল’। বিকল্প পপ ঘরানার তিন গানের এই ইপিতে রয়েছে ‘ফলেন অ্যাঞ্জেল’, ‘হেভেন’ ও ‘লেস দ্যান আ লাভার’। জেনির নিজস্ব সুর ও কথায় তৈরি ‘লেস দ্যান আ লাভার’ গানটি প্রকাশের পরপরই বৈশ্বিক আইটিউনস তালিকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে অন্তত ২৭টি অঞ্চলের শীর্ষে জায়গা করে নিয়েছে।
জেনির সাফল্যের পর আগামী ৪ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাচ্ছে জিসুর নতুন গান ‘ক্লিক’। গত বছর প্রকাশিত তাঁর সফল ইপি ‘অ্যামর্টেজ’–এর পর এটি তাঁর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবামের অংশ হতে যাচ্ছে। এর আগে জেইনের সঙ্গে করা তাঁর দ্বৈত গান ‘আইজ ক্লোজড’ বিলবোর্ড হট ১০০ তালিকায় জায়গা করে নিয়েছিল।
অন্যদিকে, আরেক জনপ্রিয় সদস্য লিসা আগামী ২৩ অক্টোবর নিয়ে আসছেন তাঁর ছয় গানের নতুন অ্যালবাম ‘প্রেস প্লে’। তার আগে ৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অ্যালবামের থাই ঐতিহ্যবাহী ধারার বিশেষ একক গান ‘সাওয়াদিকা’। এর আগে তাঁর প্রথম সোলো অ্যালবাম ‘অলটার ইগো’ বিলবোর্ড ২০০-এর সেরা সাতে জায়গা করে নিয়েছিল।
তবে ব্ল্যাকপিংকের চতুর্থ সদস্য রোজে এখনো নতুন কোনো একক কাজের আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ব্রুনো মার্সের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচিত গান ‘আপাতে’ রেকর্ড গড়ে বিলবোর্ড হট ১০০-এর তিন নম্বরে ওঠে এবং ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করে।
মন্তব্য করুন