প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২০ এ এম
অনলাইন সংস্করণ
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের ‘জলবায়ু অর্থায়ন-সম্পর্কিত জাতীয় কমিটি’ বা ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স (এনসিসিএফ) গঠন করেছে সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ কমিটির সমন্বয়ক হিসেবে মুখ্য দায়িত্বে থাকবেন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ১৬টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিববৃন্দ।
নতুন এই মেগা কমিটি প্যারিস চুক্তির আর্টিকেল-৬ সহ আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে বাংলাদেশের জাতীয় কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত দেবে। এছাড়া দেশে কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা প্রদান, নিবন্ধিত ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটির (DNA) কার্যক্রম তত্ত্বাবধান এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় জলবায়ু তহবিল সংগ্রহের মূল কৌশল নির্ধারণ করবে এনসিসিএফ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বছরে ন্যূনতম দুবার এই কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে যেকোনো সময় জরুরি সভা আহ্বান করা এবং নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।
মন্তব্য করুন