আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৪ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আবার এলোপাতাড়ি গুলিবর্ষণ, পুলিশসহ হতাহত একাধিক, হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের ডাউনটাউনের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এই হামলায় সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থলে গিয়ে হামলার মুখোমুখি হতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন সরাসরি গুলিতে বিদ্ধ হয়েছেন। হেনেপিন হেলথকেয়ার মেডিকেল সেন্টার জানিয়েছে, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাসহ মোট সাতজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন তিন পুলিশ কর্মকর্তার অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত ও স্থিতিশীল।

পুলিশ সূত্রে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে বলে পুলিশ নিশ্চিত করে।

গুলির ঘটনার পর নিরাপত্তার খাতিরে মিনিয়াপোলিস পুলিশ সাধারণ জনগণকে উক্ত ডাউনটাউন এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানান, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সব সহায়তা দিতে অঙ্গরাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি সাহসিকতার সঙ্গে সাড়া দেওয়া পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ঘটনাটিকে অত্যন্ত 'জঘন্য অপরাধ' হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন মিনেসোটা হাউসের স্পিকার লিসা ডেমুথ। ঘটনার ভয়াবহতার প্রেক্ষাপটে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় এগিয়ে এসেছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সব ধরনের তদন্তমূলক সহায়তা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন