তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

মিডিয়া ট্রায়াল এড়াতে সতর্ক থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা এবং বিচার যেন আদালতের মাধ্যমেই সম্পন্ন হয়, তা নিশ্চিত করা। তিনি সতর্ক করে বলেন, কোনোভাবেই যেন ‘মিডিয়া ট্রায়াল’ না ঘটে।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতার সঙ্গে একসময় যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, একটি প্রতিবেদনের মূল শক্তি হলো নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য। তাই দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্যের বিস্তার রোধে মূলধারার গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সঠিক ও যাচাইকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি দূর করার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার বিচারব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে কোনো মামলা বা সিদ্ধান্তে রাজনৈতিক চাপ বা প্রভাবের মুখোমুখি হননি বলেও জানান তিনি।

সভায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানা সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ অন্যান্যরা।

মন্তব্য করুন