তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৪ পিএম

অনলাইন সংস্করণ

স্পিকারের চেয়ারের প্রতি নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ | ফাইল ছবি

জাতীয় সংসদের সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুসারে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে তিনি এ নির্দেশনা দেন।

স্পিকার জানান, পূর্বে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে ঝুঁকে সম্মান জানানোর বিধান থাকলেও ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। ফলে নির্দিষ্ট কোনো পদ্ধতিতে সম্মান প্রদর্শনের বাধ্যবাধকতা আর নেই।

তিনি বলেন, কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে কীভাবে সম্মান জানাতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা নেই।

সংসদ কক্ষে সাধারণত কেউ মাথা নত করে, আবার কেউ দাঁড়িয়ে সালাম দিয়ে সম্মান জানান—এটি একটি প্রচলিত রীতি। তবে সম্প্রতি এ পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান। পরে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও বিষয়টি স্পষ্ট করার অনুরোধ করেন।

এর প্রেক্ষিতে স্পিকার বলেন, যেহেতু বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই সদস্যরা তাদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।

মন্তব্য করুন