প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন।
বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ৫৭৩ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।
এ সময় সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৩১ জন, চট্টগ্রামে ১৭৫ জন এবং বরিশালে ১৩৫ জন ভর্তি হয়েছে।
একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর গত ৯৫ দিনে মোট ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৫০৩ জন।
মন্তব্য করুন