প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়ার প্রেম, বাগ্দান এবং গোপন বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে জল্পনা চলছে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন টম হল্যান্ড নিজেই।
ব্রিটিশ সাময়িকী এস্কায়ার ইউকে–কে দেওয়া এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তাদের কথিত বিয়ের ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন একটি মন্তব্য করেন হল্যান্ড, যা ভক্তদের কাছে তাদের বিয়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, পরিবারের মধ্যে শুধু তার দাদিকে বোঝাতে হয়েছিল যে ওই ভাইরাল ছবিগুলো বাস্তব নয়। তবে অন্যদের বোঝানোর প্রয়োজন হয়নি, কারণ “তারা সবাই সেখানে ছিল”— এমন মন্তব্যই জল্পনাকে আরও উসকে দেয়। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি তিনি।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর তাদের বাগ্দানের খবর ছড়িয়ে পড়ে। পরে মার্চে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ ‘বিয়ে হয়ে গেছে’ বলে মন্তব্য করলেও সেটিকে অনেকেই রসিকতা হিসেবে নিয়েছিলেন।
একপর্যায়ে এআই–নির্মিত কিছু ভুয়া বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেনডায়া সেগুলো নাকচ করে দেন এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যেই হাস্যরস করেন।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে হল্যান্ডের মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে এই জুটির ব্যক্তিগত সম্পর্ক। একই সাক্ষাৎকারে জেনডায়ার প্রতি নিজের অনুভূতির কথাও জানান তিনি। বলেন, ব্যস্ত পেশাগত জীবনে এমন একটি সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ, যা সব চাপের মধ্যেও টিকে থাকে। জেনডায়াকে তিনি তার সবচেয়ে ভালো বন্ধু এবং জীবনের নিরাপদ আশ্রয় হিসেবেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবির সেটে প্রথম পরিচয় হয় টম হল্যান্ড ও জেনডায়ার। ২০২১ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। বর্তমানে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায়।
মন্তব্য করুন