প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ
তেজগাঁওয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই তার সবচেয়ে বেশি নির্ভরতা। নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সে বিষয়ে এসএসএফকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাই এসএসএফের প্রধান দায়িত্ব হলেও দায়িত্ব পালন করতে গিয়ে যেন জনগণ কোনো ধরনের দুর্ব্যবহারের শিকার না হয়, সে বিষয়েও বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে নিরাপত্তা ঝুঁকি বহুমাত্রিক আকার ধারণ করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে এসএসএফকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
তিনি জানান, আধুনিক যুদ্ধক্ষেত্র ও নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে একটি বিশেষায়িত বাহিনী হিসেবে এসএসএফকে দক্ষতা, কৌশল ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ কমিয়ে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি তার গাড়িবহরের আকার সীমিত করেছেন। ফলে এসএসএফকে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে দক্ষতা ও কৌশলের ওপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে বিভিন্ন জনসভা ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে হয়, যেখানে ব্যাপক জনসমাগমের মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে নিরাপত্তা ও জনস্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা এসএসএফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসএসএফের নবনির্মিত ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসএসএফের ‘রেড বুক’ সময়োপযোগীভাবে আধুনিকায়ন করা হয়েছে, যা বাহিনীর কার্যপদ্ধতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করে। তবে নির্দেশনার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগও থাকতে হবে।
তিনি বলেন, এসএসএফ সদস্যদের সাহস, সততা, বিশ্বস্ততা, পেশাদারিত্ব এবং চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রী, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন