প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) যেন নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে—এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই তার সবচেয়ে বেশি নির্ভরতা।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জও বহুমাত্রিক হয়েছে। বর্তমান আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে নিরাপত্তা ব্যবস্থায় নতুন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফ সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এসএসএফের সঙ্গে নিজের দীর্ঘদিনের পরিচয়ের কথা তুলে ধরে তিনি বলেন, তরুণ বয়স থেকেই এ বাহিনীর কার্যক্রম তিনি পর্যবেক্ষণ করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই তিনি এসএসএফের কার্যক্রমের সঙ্গে পরিচিত।
প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের স্বাভাবিক জীবনযাত্রাও যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টি মাথায় রেখে এসএসএফকে দায়িত্ব পালন করতে হবে। জনসমাগমপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভারসাম্য রক্ষা করাই বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এসএসএফকে সর্বদা এগিয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রতিটি সদস্যের সততা, বিশ্বস্ততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করা জরুরি।
প্রধানমন্ত্রী জানান, এসএসএফের জন্য প্রণীত ‘রেড বুক’ সময়োপযোগী করে হালনাগাদ করা হয়েছে, যা বাহিনীর কার্যক্রম পরিচালনায় নীতিমালা ও আইনি সুরক্ষা প্রদান করে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও সদস্যদের থাকতে হবে।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সমন্বয় যত শক্তিশালী হবে, নিরাপত্তা ব্যবস্থাও তত কার্যকর হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন এবং মহড়া পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সুবিধা সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবশেষে প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে।
মন্তব্য করুন