প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ
স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করেছেন এবং জামিনের আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় নিহত ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়।
মামলার প্রায় চার মাস পর আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা জাহের আলভী।
আদালতে অভিযুক্তের পক্ষে দাবি করা হয়, ঘটনার দিন তিনি কাজের সূত্রে বিদেশে অবস্থান করছিলেন এবং স্ত্রীর মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন বলেও দাবি করা হয়।
জামিন আবেদনের পক্ষে আরও বলা হয়, দম্পতির একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
উল্লেখ্য, ঘটনার পর অভিনেতা বিদেশে অবস্থান করলেও আদালতের নির্দেশনা অনুযায়ী দেশে ফিরে এসে আত্মসমর্পণ করেছেন। একই মামলায় তার মা নাসরিন সুলতানাও পূর্বে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
মন্তব্য করুন