শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

ছাতকে অর্ধদিবস হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  


সুনামগেঞ্জের ছাতকে খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছেন স্থানীয় ব্যবসায়ী-শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাতক পৌর এলাকায় এ হরতাল চলছে।

ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য এ হরতালের ডাক দিয়েছে। হরতালের কারণের ছাতক পৌর শহরে সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে বাঁশ ফেলে অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা।

হরতালকারীদের অভিযোগ, শিল্প আইন লঙ্ঘন করে লাফার্জ-হোলসিম ভারত থেকে আমদানি করা চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুব্ধ আমদানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এই অবৈধ ব্যবসা বন্ধ না করলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। 

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) অর্ধদিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।

এ অঞ্চলের ব্যবসায়ী-শ্রমিকের অধিকার খর্ব এবং শিল্প আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে লাফার্জ হোলসিমের বিরুদ্ধে ছাতকে ব্যবসায়ী-শ্রমিক ও সর্বস্তরের জনতার ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার অর্ধদিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের ডাক দেয়।

ছাতক লাইমস্টোন ইম্পোটার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট ও ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন, অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

সাবেক পৌর মেয়র আবদুল ওয়াহিদ মজনু বলেন, লাফার্জের কারণে ছাতকের ব্যবসায়ীরা আজ পথে বসার উপক্রম হয়েছে।
ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী বলেন, আইন ভঙ্গ করে লাফার্জ খোলাবাজারে চুনাপাথর বিক্রি করেছে।

ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারি হাজী আবুল হাসান, লাইমস্টেন ইম্পোটার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারি অরুণ দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি সামছু মিয়া, ব্যবসায়ী হাজী আবদুল হাই আজাদ, আবুল হায়াত, আবদুল হাই আজাদ, হাজী বাবুল মিয়া, আশরাফুল ইসলাম, আলী আমজদ, মুক্তার হোসেন, নাজমুল হাসান জুয়েল, রিয়াদ চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ীরা বলেন, ছাতকের এ ঐতিহ্যবাহী চুন শিল্প ও ব্যবসা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ না হলে আমাদের আন্দোলন চলবে।

এই বিভাগের আরো খবর