শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০০

উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

স্বপ্নের মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। দেশের গণপরিবহনে বৈপ্লবিক পরিবর্তনের নতুন এই মাইলফলকের সূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর আদলে সুধী সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হবে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির কর্মসূচি থাকলেও পরে সেটি বাদ দেওয়া হয়েছে।

বুধববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন থেকে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও রুটে চলবে মেট্রোরেল।

পৌনে ১২ কিলোমিটার এই পথ ৬০ টাকা ভাড়ায় যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চলবে। সে ক্ষেত্রে পুরোটা চালু হলে উত্তরা থেকে মতিঝিলে যেতে ৩৮ মিনিট লাগবে। ঘণ্টায় ৬০ হাজার অর্থাৎ দিনে ৫ লাখ যাত্রী মেট্রোরেলে চলাচল করতে পারবেন। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।

সংস্থাটি বলছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে যেখানে লাইন সোজা, সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল। যেখানে বাঁক রয়েছে, সেখানে গতি কিছুটা কমবে।

প্রথমদিকে মঙ্গলবার বাদে প্রতিদিন মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও রুটের মাঝপথে কোথাও থামবে না ট্রেন। পুরো যাত্রাটি নিয়ন্ত্রণ করা হবে সফটওয়্যারের মাধ্যমে।

এর জন্য উত্তরার দিয়াবাড়ির ডিপোতে স্থাপন করা হয়েছে অপারেশন কন্ট্রোল সেন্টারে-ওসিসি। যাত্রীদের যাতায়াত সম্পর্কে দিকনির্দেশনা পরে ওয়েবসাইটে দেওয়া হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকছে না।এমনিতেই যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেটা খরচের ৩৩ থেকে ৩৫ শতাংশ কম। এ ছাড়া যারা স্থায়ী কার্ড কিনে যাতায়াত করবেন, তাদের জন্য ১০ শতাংশ ছাড় আছে।

মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন। পঙ্গুদের জন্য ছাড় আছে। এসব কারণে শিক্ষার্থীদের জন্য আলাদা করে হাফ ভাড়ার ব্যবস্থা নেই।

এমডি আরও বলেন, অন্যান্য স্টেশনে মেট্রোরেল থামানোর জন্য তাদের সব প্রস্তুতি আছে। কিন্তু মানুষ অভ্যস্ত নয় বলে এখনই তারা থামাচ্ছে না।আগামী ২৬ মার্চ থেকে থামবে সকল স্টপেজে। এই তিন মাস মানুষকে অভ্যস্ত করা হবে বলে জানান তিনি।

এদিকে, মেট্রোরেলের স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় থাকছে এমআরটি পুলিশ নিয়োগের আইন হয়েছে, তবে এখনো কাঠামো দাঁড় করানো যায়নি। আপাতত মেট্রোরেলের দায়িত্বে থাকবে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর জন্য জারি করা ৭ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে ডিএমপি।

এই বিভাগের আরো খবর