শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৫ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬  

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ছবি : সংগ্রহীত 

 

আসন্ন নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে সুপরিকল্পিত 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' বা নির্বাচনী কারচুপির গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, ভোট জালিয়াতির লক্ষ্যে একদিকে যেমন অবৈধ সিল তৈরি করা হচ্ছে, অন্যদিকে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে বোরখা ও নিকাব ব্যবহার করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর অভিযোগ করেন কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

 

 

সংবাদ সম্মেলনে মাহদী আমিন লক্ষ্মীপুরের একটি ঘটনার অবতারণা করে বলেন:

“একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে।”

 

তিনি আরও জানান, লক্ষ্মীপুরে উদ্ধারকৃত অবৈধ সিলগুলো জামায়াতে ইসলামীর এক নেতার নির্দেশে তৈরি করা হয়েছে বলে প্রেস মালিক স্বীকারোক্তি দিয়েছেন।

 

জাল ভোট ঠেকাতে নির্বাচন কমিশনের প্রতি সুনির্দিষ্ট আহ্বান জানিয়ে বিএনপি মুখপাত্র বলেন:

“প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্তসংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে, ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা বাধ্যতামূলক। একইভাবে ভোটগ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে।”

 

সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট দল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এছাড়া সূত্রাপুরে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধারের ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন:

“রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে সেই দলেরই এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতা করার প্রস্তুতি নিচ্ছে?”

 

নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগে বড় ধরনের অসংগতির অভিযোগ তুলে তিনি ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা) নামক একটি সংস্থার উদাহরণ দেন। তিনি জানান, মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষকের মধ্যে একা এই নামসর্বস্ব সংস্থাকেই ১০ হাজার ৫৫৯ জনের অনুমোদন দেওয়া হয়েছে, যাদের কার্যালয় মূলত হবিগঞ্জের একটি গ্রামের একটি কক্ষ। বিএনপির মতে, এসব প্রতিষ্ঠান একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় কাজ করছে।

 

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবি জানান মাহদী আমিন।

এই বিভাগের আরো খবর