প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন এবং হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮০৪ শিশু। একই সময়ে ১৬৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৪৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ১৯৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮০৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যার ৫৬৩ জনই ঢাকা বিভাগের।
একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৪৫ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে ছাড়পত্র পেয়েছে ৩০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ৪৪৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১২ হাজার ৩৯৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।
মন্তব্য করুন